চেহারা মিল থাকায় ‘মেয়ে ভেবে মাকে তুলে নিয়ে ধর্ষণ’

ত্রিশাল থানা: সংগ্রহীত ছবি

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। চেহারার মিল থাকায় এক গৃহবধূকে তার কিশোরী মেয়ের ভেবে বাড়ি থেকে তুলে নিয়ে ধানক্ষেতে ধর্ষণের অভিযোগ উঠেছে।


এই ঘটনায় ভুক্তভোগী নারী সোমবার (২৭ অক্টোবর) রাতে ত্রিশাল থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৮ অক্টোবর ভোরে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন। এ সময় স্থানীয় এক ব্যক্তি, আকমল হোসেন (৩৮), তাকে পেছন থেকে মুখ চেপে ধরে বাড়ির কাছের ধানক্ষেতে নিয়ে যান এবং সেখানে ধর্ষণ করেন।

ভুক্তভোগীর চিৎকারে স্বামী ও প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এলে আকমল পালিয়ে যায়। ঘটনার পর থেকে তিনি পলাতক আছেন বলে জানিয়েছে পুলিশ।

ভুক্তভোগীর ছোট ভাই জানান, আকমল দীর্ঘদিন ধরে তার সপ্তম শ্রেণিতে পড়ুয়া ভাগনিকে উত্ত্যক্ত করছিল। ঘটনার দিন মেয়েটির ওড়না জড়িয়ে টয়লেটে যান বোন। ধারণা করা হচ্ছে, সেই ওড়না দেখে আকমল ভুলবশত ভেবেছিল এটি মেয়েটি— আর তখনই এই ভয়াবহ ঘটনা ঘটে।

ভয়ভীতি ও প্রাণনাশের আশঙ্কায় পরিবার প্রথমে থানায় যেতে পারেনি। পরে সাহস সঞ্চয় করে অভিযোগ জানালে পুলিশ মামলা নেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আকমল উপজেলার একটি কোম্পানিতে কর্মরত এবং প্রভাবশালী পরিবারের সদস্য। তিনি মাস দুয়েক ধরে ওই কিশোরীকে হয়রানি করছিলেন।

ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। “লোকজন বলছেন, মেয়ে ভেবে মাকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে, তবে মামলার অভিযোগে বাদী এ বিষয়টি উল্লেখ করেননি,” বলেন তিনি।

মঙ্গলবার (২৯ অক্টোবর) ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার দিন নির্ধারণ করা হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ